গার্মেন্টসকর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার
গার্মেন্টসকর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার
বুধবার (১৫ এপ্রিল) র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল ১৪ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- মুন্সিগঞ্জ জেলার সদর থানার রনছ হাওলাপাড়া এলাকার মৃত সুজন শেখের ছেলে পারভেজ ওরফে কালু (২২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ এপ্রিল সকালে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের একটি ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যায়। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার পর গোসলের সময় শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখম দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব-১১ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান শুরু করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন