Box-4

নান্দাইলে সরকারি রাস্তা দখল করে অবৈধ দোকান-ঘর নির্মাণ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নে সরকারি রাস্তা দখল করে ফের অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গাংগাইল ফিসারীর মোড় থেকে বেলতলি বাজার ভায়া পাইকুরা বাজার যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ রাস্তার বেলতলি মোড় এলাকায় এই অবৈধ দখলের ঘটনা ঘটছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে জনৈক মোঃ আজিজুল ইসলাম ওরফে ফাইজুল ইসলাম মঙ্গলবার (২ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বেলতলি মোড় এলাকায় সরকারি রাস্তা ও খারের নির্ধারিত জায়গার মধ্যেই স্থানীয় জনৈক মোঃ নজরুল ইসলাম অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে দখলের পায়তারা করছেন। এলাকাবাসীর দাবি, এর আগেও একই স্থানে প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। কিন্তু প্রশাসনের সেই নির্দেশনা তোয়াক্কা না করে সম্প্রতি আবারও সেখানে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেছেন অভিযুক্ত নজরুল ইসলাম। ইতিমধ্যে সেমিপাকা দোকানঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। এতে করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ আজিজুল ইসলাম জানান, “এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ এবং যানবাহন চলাচল করে। রাস্তার ওপর দোকানঘর নির্মাণ করলে চলাচলের পথ সরু হয়ে যায়, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রশাসনের কাছে এর স্থায়ী সমাধান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানাচ্ছি।”

অভিযুক্ত নজরুল ইসলামকে না পেয়ে তাঁর পুত্র আরিফ ইসলামের সাথে কথা হলে তিনি দোকানঘর নির্মাণের সত্যতা স্বীকার করে জানান, ঘরের বারিন্দাটুকু সরকারি জায়গায় পড়েছে, এরবেশি কিছু বলতে পারছেন না, বাকীটুকু তাঁর বাবা বলতে পারবেন বলে ফোন কল কেটে দেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, ইউপি সচিব বিষয়টি আমাকে জানিয়েছে। সরজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com