Box-2

নিজের নামে ভুয়া ফেসবুক আইডি, প্রাণনাশের হুমকির অভিযোগে টিপুর জিডি

নিজের নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার এবং ফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব মো. আবু আল ইউসুফ খান টিপু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তিনি এ জিডি করেন। 

জিডিতে আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেন, গত ৮ আগস্ট থেকে তাঁর নিজস্ব ফেসবুক আইডির নাম ও পরিচয় ব্যবহার করে কয়েকটি ভুয়া আইডি তৈরি করা হয়েছে। এসব আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির বিরুদ্ধে অশ্লীল, অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য ও ছবি প্রচার করা হচ্ছে। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন এবং এর মাধ্যমে তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

এ ছাড়া জিডিতে উল্লেখ করা হয়, দুটি মোবাইল নম্বর থেকে সোহানুর রহমান শুভ্র ও মিরাজুল ইসলাম রাতুল নামে দুই ব্যক্তি তাঁকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। জিডিতে তাঁদেরকে শামীম ওসমান গ্রুপের সন্ত্রাসী হিসেবে উল্লেখ  করা হয়েছে।

আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেন, ফোনে হুমকি দেওয়ার ঘটনা এবং তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি তৈরির বিষয়গুলোর মধ্যে যোগসূত্র রয়েছে বলে তিনি মনে করছেন। বিষয়টি ভবিষ্যতের জন্য নথিভুক্ত রাখতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জিডিতে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com