কি মধু নারায়ণগঞ্জে?
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার হওয়া সেই অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক এবার সোনারগাঁ থানায় যোগদান করেছেন। যোগদানের পর থেকে তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, গুরুতর অভিযোগ ছাড়া কোন থানার অফিসার ইনচার্জকে থানা থেকে প্রত্যাহার করা হয়না। সেক্ষেত্রে অফিসার ইনচার্জ আব্দুল বারিককে সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এখন সেই ওসিকে কিভাবে সোনারগাঁয়ের মত গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা ও সমালোচনা।
জানা গেছে, গত ৭ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুল বারিক। তবে বেশি দিন টিকতে পারেননি। জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৫ এপ্রিল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর স্বাক্ষরিত আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
প্রত্যাহারের সময়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। তবে নির্দিষ্ট কী কারণে তাকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি।
এদিকে এই ঘটনার কয়েক মাসের ব্যবধানে গত ২২ আগস্ট সোনারগাঁ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন আব্দুল বারিক। এতে নানা আলোচনা শুরু হয়েছে।
একাধিক সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলায় অনেক বিচক্ষণ পুলিশ কর্মকর্তা থাকার পরও কনস্টেবল থেকে (ডিপার্টমেন্টাল) পদোন্নতি পাওয়া একজন অফিসার ইনচার্জকে কিভাবে সোনারগাঁ থানার দায়িত্ব দেওয়া হলো। এ নিয়ে অনেকের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
প্রসঙ্গত, এর আগে তিনি গাজীপুর জেলার কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
মতামত দিন