সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে বুলডোজার দিয়ে একটি টিনশেড বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় জুবায়ের নামে এক বেকারি মালিককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ছাড়া ঘর থেকে নগদ টাকা লুটের অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৩টা থেকে ৪টার মধ্যে হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বর্ণকার শাহীন ও তার লোকজনকে দায়ী করেছেন ভুক্তভোগীরা।
ঘটনাস্থলে দেখা যায়, বসতবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা ইট, টিন, কাঠ ও গৃহস্থালি সামগ্রী।
ভুক্তভোগী জয়নাল মিয়ার মা জহুরা অভিযোগ করেন, ভোররাতে স্বর্ণকার শাহীন ও তার লোকজন তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
হিরাঝিল আবাসিক এলাকার সমাজকল্যাণ সমিতির সভাপতি আলহাজ আব্দুল মতিন বলেন, রাতের আঁধারে ৭০ থেকে ৮০ জনের একটি দল এলাকায় এসে হামলা চালায়। তারা বুলডোজার দিয়ে টিনশেড বাড়িঘর ভাঙচুর করে। আমরা প্রায় ৩০ বছর ধরে এ এলাকায় বসবাস করছি। কিন্তু এমন ঘটনা আগে কখনো দেখিনি।
স্থানীয় বাসিন্দা রাব্বি অভিযোগ করেন, হামলার সময় বেকারি মালিক জুবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া তার ঘরে থাকা নগদ টাকা-পয়সাও নিয়ে গেছে হামলাকারীরা।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে দুই পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। কিন্তু এরপর এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।
মতামত দিন