প্রধান খবর

আইভীর দুই আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ, মুন্না রিমান্ডে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই আইনজীবীকে জেলগেটে চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। একই ঘটনায় গ্রেপ্তার আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নার এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবী ও সাবেক মেয়র আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন এবং কোর্ট ইন্সপেক্টর আব্দুস সামাদ।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে আইভীর দুই আইনজীবী ও নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত প্রাঙ্গণে আইভীর সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১৩ অক্টোবর)। ওই দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করেন সাবেক মেয়র আইভী। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে ফেরার সময় গাড়িতে ওঠার আগমুহূর্তে আইভী ও তাঁর সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ওই ঘটনার জেরে আইভীর দুই আইনজীবী ও একজন আইনজীবীর ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার ভিডিও ফুটেজে গ্রেপ্তার আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়নি। আইনজীবী জিয়াউল ইসলাম কাজলকে আইভীর পাশে মামলার কাগজপত্রের ফাইল হাতে হাঁটতে দেখা গেছে।

তিনি আরও বলেন, ‘আমরা আদালতে রিমান্ডের বিরোধিতা করে আবেদন করেছি। আদালতকে জানিয়েছি, যে মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলার এজাহারে তাঁদের নাম নেই।’

শুনানিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহান উল ইসলাম আদালতে বক্তব্য দেন।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত দুই আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ এবং নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com