প্রধান খবর

আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও পথচারীসহ উভয় পক্ষের টেঁটাবিদ্ধ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়েছে। এসময় ঘটনাস্থল থেকে অর্ধ শতাধিক টেঁটাসহ আট জনকে আটক করেছে পুলিশ।

​শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহীবাড়ি ও উত্তর গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ইটভাটাগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ, ট্রলারে মাটি সরবরাহ, লেবার নিয়োগের কমিশন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সামাদ আলী ও হালিম আজাদ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেঁটাবিদ্ধ সহ উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে ।

​আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ​সংঘর্ষের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা ও জেলা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে এলাকায় অভিযান চালিয়ে অর্ধ শতাধিক টেঁটাসহ আট জনকে আটক করে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও টেঁটা উদ্ধারসহ আট জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় কতজন আহত হয়েছে তা জানা নেই। তবে কেউ আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com