Box-6

ফতুল্লায় ব্যবসায়ীর মার্কেট দখলচেষ্টা, সাংবাদিকের ওপর হামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মার্কেট জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় মার্কেটের মালিককে মারধরের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি সংবাদ সংগ্রহ করতে যাওয়া কালের কণ্ঠের সাংবাদিক আবদুল ওয়াহিদের ওপর হামলা এবং তাঁর পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার শিয়াচর তক্কার মাঠসংলগ্ন ইউসুফ সুপার মার্কেটে দখলচেষ্টার ঘটনা শুরু হয়। এ ঘটনায় মার্কেটের মালিক মো. ইউসুফ আলী (৭০) ফতুল্লা মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী ইউসুফ আলী ফতুল্লার শিয়াচর এলাকার মৃত আজমত আলী সরদারের ছেলে। তাঁর দাবি, প্রায় ২৯ বছর আগে শিয়াচর মৌজায় ১৩ শতাংশ জমি কিনে নিজ নামে নামজারি ও জমাভাগ সম্পন্ন করেন। নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে সেখানে ইউসুফ সুপার মার্কেট নির্মাণের পর ২৮ বছর ধরে ভোগদখল করে আসছেন।

ইউসুফ আলীর অভিযোগ, প্রায় দেড় থেকে দুই বছর ধরে কয়েকজন ব্যক্তি মার্কেটটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ নিয়ে তিনি আগে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তী সময়ে নন-এফআইআর প্রসিকিউশনসহ আদালতে একাধিক মামলা করেন, যেগুলো বর্তমানে বিচারাধীন। এরপরও মার্কেট দখলের চেষ্টা এবং তাঁকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা আরও ২০ থেকে ২৫ জনকে সঙ্গে নিয়ে মার্কেটে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁরা মার্কেটের সাইনবোর্ডের লেখা মুছে নিজেদের নামে পরিবর্তনের চেষ্টা করেন। পাশাপাশি মার্কেটের ভেতরে পাকা দেয়াল নির্মাণ ও নিজেদের অফিস স্থাপনের উদ্যোগ নেন।
খবর পেয়ে ইউসুফ আলী ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে মারধরের চেষ্টা করেন এবং খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে মার্কেট দখলচেষ্টার খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে যান কালের কণ্ঠের সাংবাদিক আবদুল ওয়াহিদ। সংবাদ সংগ্রহের সময় দখলচেষ্টায় জড়িত ব্যক্তিরা তাঁর ওপর হামলা চালান এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন।

পরে মার্কেট দখলচেষ্টার ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেন ইউসুফ আলী। এতে অভিযুক্ত করা হয়েছে ফতুল্লার পূর্ব শিয়াচর লালখা এলাকার দলিল লেখক মো. শামীম (৪২), ঢাকার আদাবরের নবোদয় হাউজিং সোসাইটির মো. জসীম মল্লিক (৫৫), তাঁর স্ত্রী মনিরা সুলতানা (৪০) এবং ফতুল্লার হাজীগঞ্জ এলাকার খোরশেদ আলম (৬৫) ও অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে। জসীম মল্লিক ও তাঁর স্ত্রী বর্তমানে হাজীগঞ্জের কায়েমপুর সরকারবাড়ি এলাকায় বসবাস করেন।

পরবর্তীতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দখলের চেষ্টা করি শামীম গংকে বাধা দেন এবং আদালতের আদেশের অনুসরণ করতে বলেন। পরবর্তীতে শামীম ও তার লোকজন পুলিশের হস্তক্ষেপে সেই জায়গা ত্যাগ করেন। 

অভিযোগে জমির বিবরণে বলা হয়েছে, শিয়াচর মৌজার আরএস ২৮৩ নম্বর খতিয়ান ও ২৩০ নম্বর দাগের দুটি অংশে ৮ ও ৫ শতাংশ মিলিয়ে মোট ১৩ শতাংশ জমির ওপর ইউসুফ সুপার মার্কেট অবস্থিত।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com